কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মো. জুবায়েদ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে মো. জুবায়েদ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯মে) রাত ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার শৈলজানি এলাকায় কোদালিয়া-হোসেনপুর সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত জুবায়েদ পাকুন্দিয়া উপজেলার চর পলাশ গ্রামের মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পোল্ট্রি খামারি ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, জুবায়েদ সন্ধ্যা ৭টার দিকে কোদালিয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কোদালিয়া-হোসেনপুর সড়ক ধরে শৈলজানি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রাস্তার ওপর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। জুবায়েদকে কে বা কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে জানতে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/রুমন/রফিক