চিন্তা বিকশিত হয় প্রশ্নে, বিশ্বাসে নয়: ফরহাদ মজহার
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার।
বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেন,“চিন্তা বিকশিত হয় আরেকটি চিন্তাকে পর্যালোচনা করলে। চিন্তা না করার অজুহাত হচ্ছে বিশ্বাস।” ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত ৭ম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব–২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফরহাদ মজহার আরো বলেন, “প্রতিটি ধর্মের একটি সার্বজনীন সত্তা রয়েছে। সেই সার্বজনীনতাকে আমরা একসঙ্গে অনুভব করতে পারলেই রাষ্ট্র রাজনৈতিকভাবে শক্তিশালী হবে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র-এর যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব-এর উদ্যোগে ২০২০ সাল থেকে নিয়মিতভাবে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ‘সংলাপের খিড়কিতে দেখি, সভ্যতার সম্মিলন!’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবটি আয়োজন করা হয়। এবারের উৎসবের মূল বিষয়বস্তু ছিল “ধর্ম ও স্থাপত্য”।
সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভার শিরোনাম ছিল ‘ধর্মের ইট-পাথরে বাংলার ঐতিহ্য’।
এবারের বিতর্ক উৎসবে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, আর প্রতি-বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর সম্পাদনা পরিষদ সদস্য মো. সাইফুজ্জামান রানা।
এছাড়াও, বক্তব্য দেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু সায়েম, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রিফাহ্ তাসনিয়া জামান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক আবরার হোসেইন। অতিথিরা অংশগ্রহণকারী বিতার্কিকদের যুক্তিনিষ্ঠতা, শৃঙ্খলা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আন্তঃধর্মীয় ও সাংস্কৃতিক সংলাপকে আরো সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/সৌরভ/জান্নাত