সুনামগঞ্জে বিএনপি প্রার্থীর ১১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলামের সংবাদ সম্মেলন। ছবি: রাইজিংবিডি
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম ১১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সামনে তিনি এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
‘সেফ সুনামগঞ্জ সেভ সুনামগঞ্জ’ স্লোগানকে প্রতিপাদ্য করে ১১ দফা ইশতেহারের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তা, হাওর, কৃষি, কৃষককে।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সুরমা (হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায়) সেতু নির্মাণ, তরুণদের জন্য কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, হাওড়ভিত্তিক মৎস্য, গবাদিপশু পালন শিল্পের উন্নয়ন, সুনামগঞ্জ সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যবস্থা করা, সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসি ও আইসিইউ চালুকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু করা, ফ্যামিলি কার্ডের কর্মসূচির বাস্তবায়ন, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্বম্ভপুর এলাকাকে ইকো-ট্যুরিজম জোন ঘোষণা, শ্রমিক শ্রেণীর জীবিকার নিশ্চয়তা, বালুমহাল ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ- এসব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে ইশতেহারে।
বিএনপি প্রার্থী নুরুল ইসলাম ১১ দফা কর্মসূচি ঘোষণা করে বলেন, “এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়-এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার।” তার মতে, সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁঁচবে, আর সুনামগঞ্জ বাঁচলে বাংলাদেশ এগুবে। তিনি ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজনের সঞ্চালনায় ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমদ, আ.ত.ম মিছবা, অ্যাডভোকেট শেরেনুর আলী, নজরুল ইসলাম, অধ্যক্ষ শেরগুল আহমেদ, ব্যারিস্টার আবিদুল হক প্রমুখ।
ঢাকা/মনোয়ার/ফিরোজ