ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বন্দর ভবনের সামনে বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দর ভবনের সামনে বিক্ষোভের মুখে নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বন্দর ভবনের কাছে এই পরিস্থিতির সৃষ্টি হয়। উপদেষ্টা ঢাকা থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি বন্দরের উদ্দেশ্যে রওনা হন।

আরো পড়ুন:

নৌপরিবহন উপদেষ্টার আগমনের খবরে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বন্দর ভবনের আশপাশে জড়ো হন। চার নম্বর জেটিগেট থেকে কাস্টমস মোড় পর্যন্ত এলাকায় তারা অবস্থান নেন। এ সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

পৌনে ১১টার দিকে উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে শ্রমিক-কর্মচারীরা স্লোগান দিতে দিতে সামনে এসে গাড়ি আটকে দেন। তারা ‌‘ভুয়া ভুয়া’ এবং ‘গো ব্যাক অ্যাডভাইজার, গো ব্যাক’সহ নানা স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রায় ১৫ মিনিট পর পুলিশ নিরাপত্তা বেষ্টনী গড়ে গাড়িবহরকে বন্দর ভবনের ভেতরে প্রবেশ করায়। মূল ফটক দিয়ে ঢোকার সময় নিরাপত্তা জোরদার করা হয়। তবে একপর্যায়ে শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভবনের ভেতরে ঢুকে পড়েন।

গাড়ি থেকে নেমে ভবনে প্রবেশের সময়ও নৌপরিবহন উপদেষ্টার সামনে বিক্ষোভ চলতে থাকে। পরে পুলিশ ও বন্দরের নিরাপত্তারক্ষীদের সহায়তায় তিনি দ্রুত ভবনের ভেতরে গিয়ে বৈঠকে যোগ দেন।

এদিকে, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বৃহস্পতিবারও বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ চলাচল বন্ধ আছে। পণ্য খালাসের অপেক্ষায় থাকা জাহাজগুলো জেটিতে আটকে রয়েছে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের বাড়িতে গত শনিবার থেকে টানা কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়