ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক সাবেক ছাত্রদল নেত্রী

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরে আগ্নেয়াস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক সাবেক ছাত্রদল নেত্রী

আগ্নেয়াস্ত্রসহ আটক সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা হাওলাদার

শরীয়তপুরে সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শরীয়তপুর আর্মি ক্যাম্পের ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

আরো পড়ুন:

আটক হওয়া ইলোরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মন্টু তালুকদারের স্ত্রী। 

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুইটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাকসেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

তল্লাশিকালে মন্টু তালুকদারের স্ত্রী ও সাবেক ছাত্রদল নেত্রী ইলোরাকে আটক করা হয়।

এদিকে, একই দিন রাতে নড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে আটক করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় অভিযান চালিয়ে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন, গতকাল রাতে জেলায় তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

ঢাকা/আকাশ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়