মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত
মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ। ছবি: বিবিসি
মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন দেশটির তিন প্রতিরক্ষা কর্মকর্তা। যুদ্ধের সময় একজন শীর্ষ জেনারেলকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা মার্কিন সামরিক ইতিহাসে নজিরবিহীন।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ৪১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন। তার মেয়াদের আরো এক বছরের বেশি সময় বাকি ছিল। একইসঙ্গে সেনার রূপান্তর ও প্রশিক্ষণ কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনি ও চ্যাপলেইন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন সাবেক ফক্স নিউজ সঞ্চালক ও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ।
জেনারেল জর্জের আকস্মিক এই অপসারণের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। তবে এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী তাদের শক্তি বৃদ্ধি করছে। ইতোমধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনা সেখানে পৌঁছাতে শুরু করেছে।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হেগসেথ পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের ‘শুদ্ধি অভিযান’ চালাচ্ছেন। এর আগে তিনি সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করেছিলেন। ট্রাম্পের জন্মদিনের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছিলেন। এছাড়া সম্প্রতি গায়ক কিড রকের বাড়ির ওপর দিয়ে হেলিকপ্টার ওড়ানোর ঘটনায় অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে তদন্তও বন্ধ করে দেন তিনি।
জেনারেল র্যান্ডি জর্জের পরিবর্তে বর্তমানে সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অভিজ্ঞ জেনারেল জর্জ ২০২৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার এই বিদায়ে পেন্টাগনের নেতৃত্ব পর্যায়ে অস্থিরতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, বিবিসি
ঢাকা/এসবি
হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল