ঢাবি শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া
বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করে এ অভিযোগ তুলেছেন তিনি।
ফেসবুক পোস্টের এসব স্ক্রিনশটে দেখা গেছে, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।
পোস্টে তিনি লিখেছেন, “১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।”
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, “প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”
সবশেষে তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”
এর আগে বিগত বছরের ৩ নভেম্বর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছিলেন তিনি।
মামলায় ওই শিক্ষিকার এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছিল।
এ বিষয়ে জানতে শাহবাগ থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া এই বিষয় নিয়ে ফেসবুকে লিখেছিলেন, “অধিকতর তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সাইবার ইউনিট আশ্বাস দিয়েছে, পরবর্তী সময় কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃত করাসহ যেকোনো সাইবার বুলিংয়ের শিকার হলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবে।”
মামলায় সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইনের (ইভান) নাম উল্লেখ করা হয়েছিল। এর বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়।
ঢাকা/সৌরভ/জান্নাত