‘দল দীপশিখা’র ভিন্ন আয়োজন
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলা ২০২৬-এর মূল কেন্দ্রবিন্দু বাংলা একাডেমি প্রাঙ্গণ। এবারের মেলায় এই ঐতিহ্যবাহী চত্বরে পাঠকদের বিশেষ আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছিলো ছাত্রদল পরিচালিত সৃজনশীল প্ল্যাটফর্ম ‘দল দীপশিখা’র স্টল।
সোহরাওয়ার্দী উদ্যানের ভিড় পেরিয়ে যারা একাডেমির মূল প্রাঙ্গণে প্রবেশ করছেন, তাদের অনেকের পথই গিয়ে থামছে এই স্টলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস, আদর্শ ও প্রকাশনাকে ঘিরে সাজানো এই স্টলটি কৌতূহলী পাঠকদের আকর্ষণ করছে।
জাতীয়তাবাদের ইতিহাস ও দর্শনের সমাহার
স্টলে ঢুকতেই চোখে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা নিয়ে লেখা নানা বইয়ের সারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি থেকে শুরু করে দলের গঠনতন্ত্র, আদর্শ এবং আধুনিক বাংলাদেশ গঠনে বিএনপির ভূমিকা নিয়ে লেখা বিভিন্ন গবেষণাধর্মী প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। আয়োজকদের ভাষ্য, তরুণ প্রজন্মের কাছে দলের মূল চেতনা ও ইতিহাস তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
স্টলের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশিত বিভিন্ন বই। তাদের রাজনৈতিক জীবন, দীর্ঘ আপসহীন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে লেখা বইগুলো পাঠকদের আগ্রহ কাড়ছে।
এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা-ভাবনা ও রাষ্ট্রগঠনের পরিকল্পনা নিয়ে লেখা কয়েকটি বইও স্টলে রাখা হয়েছে। নিজেদের প্রকাশনার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল দীপশিখা’সহ আরো তিনটি স্বতন্ত্র প্রকাশনাও পাঠক ও দর্শনার্থীদের সামনে উপস্থাপন করছে।
স্টল সম্পর্কে জানতে চাইলে ‘দল দীপশিখা’ স্টলের অন্যতম আয়োজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “বাংলা একাডেমি প্রাঙ্গণ আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা চেয়েছি এই প্রাঙ্গণে শহীদ জিয়ার দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে। একইসঙ্গে নতুন পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও গবেষণাকে উৎসাহিত করাও আমাদের লক্ষ্য।”
মেলায় আসা দর্শনার্থী সাইদ কবির তিনু বলেন, “বাংলা একাডেমি প্রাঙ্গণে এমন একটি সমৃদ্ধ স্টল দেখে ভালো লাগছে। বিশেষ করে খালেদা জিয়াকে নিয়ে নতুন অনেক বই এসেছে, যা সমকালীন রাজনীতির ইতিহাস বুঝতে সহায়ক।”
বইমেলা ঘুরতে আসা দুই বন্ধু মোহাম্মদ মিয়ারাজ ও সিয়াম মুন্সি বলেন, “বইয়ের পাতায় বেঁচে থাকে আদর্শ। সেই আদর্শই পথ দেখায় তরুণ প্রজন্মকে এবং গড়ে তোলে আগামীর বাংলাদেশ।”
২০২৬ সালের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘দল দীপশিখা’র এই উপস্থিতি শুধু বই প্রদর্শনী নয়, বরং দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার একটি প্রতীকী প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। স্টলটির সাজসজ্জায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং লাল-সবুজের জাতীয় পতাকার আবহ নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে।
ঢাকা/সৌরভ/জান্নাত