ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সফলভাবে শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২২ এপ্রিল ২০২৬  
সফলভাবে শেষ হলো জকসুর আন্তর্জাতিক শিক্ষা মেলা

অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে এবং এডুমেক্স কনসালটেন্সির আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা ও সেমিনার’ শেষ হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো পড়ুন:

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ইমরানুল হক। বিশেষ আলোচক হিসেবে অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. জাহিদুল ইসলাম মিয়াজী। এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। সেখানে উচ্চশিক্ষা, ভর্তি সুযোগ এবং স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে। সেখান থেকে বাছাই করে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইইএলটিএস কোর্স বিনামূল্যে দেওয়া হবে। এ জন্য ২০০০ টাকা জামানত দিয়ে নিবন্ধন করতে হবে। যারা ৯০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকবে এবং মক টেস্টে ৬ বা তার বেশি স্কোর করবে, তারা জামানতের অর্থ ফেরত পাবে।

সেমিনারে অধ্যাপক ইমরানুল হক বলেন, “লক্ষ্য নির্ধারণই সফলতার প্রথম ধাপ। বিদেশে উচ্চশিক্ষার পথে নানা চ্যালেঞ্জ থাকলেও তা অতিক্রম করা সম্ভব। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শেখার সুযোগ তৈরি করে। এমনকি একজন শিক্ষার্থীও যদি এ আয়োজন থেকে উপকৃত হয়ে বিদেশে পড়তে যেতে পারে, সেটিও বড় অর্জন।”

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে তারা স্বল্প সময়ে এবং নিজ ক্যাম্পাসেই উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা নিতে পারে।”

তিনি আরো জানান, এডুকেশন এক্সপোর মাধ্যমে সরাসরি কাউন্সেলিং, অন-স্পট অ্যাসেসমেন্ট, ভিসা ও ইমিগ্রেশন গাইডলাইন, ল্যাঙ্গুয়েজ টেস্ট সহায়তা এবং ক্যারিয়ার সেমিনারের মতো সেবা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়