ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-২ ও ৪ আসনের মামলার শুনানি ২৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২২ এপ্রিল ২০২৬  
চট্টগ্রাম-২ ও ৪ আসনের মামলার শুনানি ২৮ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ এপ্রিল) ইসির আইন শাখা সূত্রে জানা গেছে, এই দুই আসনের মামলার শুনানি আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে এসব মামলায় নির্বাচন কমিশন কোনো পক্ষভুক্ত নয়।

আরো পড়ুন:

আসন দুটি হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির দুই ওয়ার্ড)।

এর আগে ফলাফল ঘোষণার সময় ইসি পৃথক দুটি চিঠিতে জানায়, চট্টগ্রাম-৪ আসনে আপিল বিভাগের আদেশ অনুযায়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পেরেছেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখতে কমিশন আইনগতভাবে বাধ্য।

অন্যদিকে, চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফলও প্রকাশ করা হবে না। এই দুই প্রার্থীর বিরুদ্ধে উচ্চ আদালতে ঋণখেলাপীর মামলা চলমান রয়েছে।

ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দুই আসনেই বিএনপির প্রার্থীরা ভোটের হিসাবে এগিয়ে রয়েছেন।

ঢাকা/এমএসবি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়