ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মালিকদের সমঝোতায় রাজশাহী-নাটোরে বাস চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২২ এপ্রিল ২০২৬  
মালিকদের সমঝোতায় রাজশাহী-নাটোরে বাস চলাচল শুরু

রাজশাহী ও নাটোর জেলার মালিকদের সমঝোতায় বাস চলাচল শুরু হয়েছে।

রাজশাহী ও নাটোর জেলার মালিকদের সমঝোতায় বাস চলাচল শুরু হয়েছে। এর আগে বাস চালানো নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বন্ধ হয়ে যায়। প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বাস চালু হয়েছে।  

বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকেল থেকে বাস চলতে শুরু করে।

আরো পড়ুন:

এ দিন দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে উভয়পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘‘মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করেছি এবং বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আর সমস্যা হবে না।’’

গুরুত্বপূর্ণ এই সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের আদনান পরিবহনের একটি বাস নির্ধারিত নিয়ম বা চেইন না মেনে চলাচল করছে। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এতে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নাটোরের বাস মালিকরাও পাল্টা অভিযোগে বলেন, তাদের বাস রাজশাহীতে গেলে আটকে দেওয়া হচ্ছে। তাদের কয়েকটি বাস আটকে রাখা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।

ঢাকা/মাহী/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়