ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ২২ এপ্রিল ২০২৬  
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে তৃতীয় শ্রেণির একজন, পঞ্চম শ্রেণির একজন এবং চতুর্থ শ্রেণির ছয় জন শিক্ষার্থী রয়েছে।

আরো পড়ুন:

বিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুরে শিক্ষার্থীদের মাঝে পাউরুটি বিতরণ করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের বমি বমি ভাবসহ শারীরিক অসুস্থতার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বাড়িতে ফিরে যায়। খবর পেয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করেছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার অভিযোগ করে বলেন, “খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ দীর্ঘদিন ধরেই নিম্ন মানের এবং দুর্গন্ধযুক্ত ডিম ও পাউরুটি সরবরাহ করে আসছিল। আমরা বারবার অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাসি ও নিম্ন মানের খাবার খেয়েই বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।”

ঘটনাস্থল পরিদর্শন করে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরবরাহকৃত পাউরুটিগুলো অত্যন্ত নিম্ন মানের। হাতে ধরলেই ঝুরঝুর করে ভেঙে পড়ছে, যা দেখে সহজেই বোঝা যায় এগুলো অনেক আগের তৈরি। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

তিনি আরো বলেন, “যে ৮ শিক্ষার্থী খাবার অসুস্থ হয়েছে, তাদের শারীরিক খোঁজখবর নেওয়া হয়েছে। তারা এখন আগের থেকে অনেকটা সুস্থ। আমরা এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে।”

অভিযুক্ত প্রতিষ্ঠান গাক’র সিনিয়র পরিচালক মাহবুব আলম ঘটনার দায় স্বীকার করে বলেন, “আমরা ‘বিস্কুট বিপণনী’ নামে আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই পণ্যগুলো সরবরাহ করে থাকি। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ভুলের কথা স্বীকার করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়