ববিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
জয়নাল আবেদীন || রাইজিংবিডি.কম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) কমিটি সূত্রে এতথ্য জানা যায়। এর আগে শনিবার সাবেক সভাপতি চিন্ময় মন্ডল ও সাধারণ সম্পাদক বি এম নাসির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।
ববিতে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসাদ রেজা অনিক ও সাধারণ সম্পাদক হয়েছেন পার্থ ঘোষ।
এ বিষয়ে আসাদ রেজা অনিক বলেন, ‘শুরু থেকেই নিজ জেলার অ্যাসোসিয়েশন নিয়ে আবেগ আর ভালোবাসা ছিল অফুরান্ত। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এই অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম। আর শেষ বর্ষে এসে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হলো। কমিটির সবার সহায়তায় এই দায়িত্ব ভালোভাবে পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।’
পার্থ ঘোষ বলেন, ‘আমাদের কমিটি প্রথম গঠন করা হয় ২০১২ সাল থেকে। এবার নবম নতুন কমিটি ঘোষণা করা হলো। আসলে আমি যখন বরিশালে আসি, তখন থেকে আপন করে নিয়েছি এই সংগঠনকে। আর সংগঠনের হয়ে নিজের জায়গা থেকে সর্বদা কাজ করে গেছি এবং ভর্তি পরিক্ষার সময় আমি কখনো নিজের রুমে ঘুমাইনি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য। এখন কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি, আশাকরি ভালো কাজ করে কমিটিকে কার্যকরী করে গড়ে তুলবো। সংগঠনে আরও নতুনত্ব আনার চেষ্টা করবো ছোট ভাইদের নিয়ে। সংগঠনের প্রতি ভালোবাসা ছিল, আছে এবং চিরদিন থাকবে।’
মোট ৫১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে উপদেষ্টা আছেন ৮ জন, যারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
/মাহি/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী