ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষকদের জন্য এগিয়ে যাচ্ছে জবি: উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২০ জুলাই ২০২৫  
শিক্ষকদের জন্য এগিয়ে যাচ্ছে জবি: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, “বিশ্ববিদ্যালয় আজ শিক্ষা, গবেষণায় ও নৈতিক নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠা।”

রবিবার (২০ জুলাই) শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের এমফিল, পিএইচডি ও বিদেশি মাস্টার্স ডিগ্রি অর্জনকারী এবং পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

আরো পড়ুন:

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। তাদের প্রত্যেককে সম্মাননা স্মারক এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

উপাচার্য বলেন, “দীর্ঘদিনের নানা সংকট ও চ্যালেঞ্জ পেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সবসময়ই শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রেখে আসছে। সমতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক সমিতির সহযোগিতায় প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরো বলেন, “আমাদের একাডেমিক কার্যক্রম যেন সময়মতো ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি শিক্ষকদের গবেষণামুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে আরো মনোযোগী হওয়া দরকার।”

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়