ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৫  
জকসু নির্বাচন ও বৃত্তি দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন তারা।

আরো পড়ুন:

এ সময় শিক্ষার্থীরা ‘জকসু আমার অধিকার’, ‘প্রশাসনের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দুই দফা দাবি নিয়ে আন্দোলন করা হচ্ছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে। আন্দোলনের পথে নামতে গিয়ে শিক্ষার্থীরা এর আগে পুলিশি বাধা ও হামলার শিকার হয়েছেন। প্রশাসনের এ গড়িমসি হতাশাজনক। দ্রুত দাবি পূরণ না হলে প্রশাসনের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

জবি শাখা ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “বাইরের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ না দেওয়ার দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। অথচ বর্তমান উপাচার্য ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অবকাঠামোগত সমস্যায় শিক্ষার্থীরা ভুগছে। আন্দোলনকে ‘মব’ আখ্যা দেওয়া যায় না। দাবি মানতে বিলম্ব হলে প্রশাসনের চেয়ার টিকবে না।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সদস্য সচিব কিশোর আনজুম সাম্য বলেন, “এখানে সবার দায়িত্ব আছে। আপনি যদি অসহায় হন, তবে দায়িত্ব ছেড়ে দিন। যতদিন যাবে, আন্দোলনের গতি আরো তীব্র হবে।”

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এমকেএম রাকিব বলেন, “আমরা দেখেছি, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললে সেই শিক্ষার্থীকে ছাত্রলীগের দমন-পীড়ন ও হয়রানির শিকার হতে হত। আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি করে যাচ্ছি। আপনাদের বসে থাকার জন্য আমরা বসাইনি। এভাবে গড়িমসি করলে বর্তমান প্রশাসনকে মনে রাখতে হবে, আমরা বাধ্য হবো এক দফা দাবিতে নামতে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়