যশোরে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ ২২ দিন পর পঞ্চগড়ে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
আক্তারুজ্জামান। ফাইল ফটো
যশোরের চৌগাছায় নিখোঁজের ২২ দিন পর আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার ৬ নম্বর সাতমোড়া ইউনিয়নের নয়মাইল এলাকার একটি আখখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আখখেতের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন লাশের পরনে থাকা ছবি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির সূত্র ধরে বিভিন্ন থানায় পাঠান। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে চৌগাছা থানা পুলিশ লাশের ছবি ও পরিহিত পোশাক নিখোঁজ পুলিশ সদস্য আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা মরদেহটি শনাক্ত করেন।
নিহত আখতারুজ্জামান যশোরের চৌগাছা উপজেলার জামালতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানসহ চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন আক্তারুজ্জামান। গত ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। পরদিন সকালে ঝিনাইদহের মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত দুটি মোবাইল বাসায় রেখে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় ৩০ নভেম্বর তার স্ত্রী শাহিনা আক্তার সীমা চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের শ্যালক মামুনুর রসীদ বলেন, “পরিহিত পোশাক ও সঙ্গে থাকা অন্যান্য আলামত দেখে আমরা মরদেহটি শনাক্ত করেছি। এটি আমার দুলাভাইয়েরই লাশ।”
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘‘পঞ্চগড় থেকে উদ্ধার হওয়া মরদেহটি আক্তারুজ্জামানের বলে তার পরিবার শনাক্ত করেছে। লাশের সুরতহাল ও আইনগত প্রক্রিয়া পঞ্চগড় সদর থানা পুলিশ সম্পন্ন করবে।’’
ঢাকা/রিটন/রাজীব
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী