ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ জানুয়ারি ২০২৬  
জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জকসুর জিএস আব্দুল আলীম আরিফ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় জবি শাখা ছাত্রশিবিরের কার্যালয়ে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইব্রাহীম খলীল।

আরো পড়ুন:

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবং বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সেশনের জন্য জবি শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মো. রিয়াজুল ইসলাম নির্বাচিত হন। পরে সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীলকে মনোনীত করা হয়।

এ উপলক্ষে সোমবার জবি শাখা ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

সমাবেশে ২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীলকে মনোনয়ন দেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম শেষ হয়।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়