পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি ভিসি
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রবিবার দুপুরে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাইজিংবিডি ডটকমকে বিষয়টি জানিয়েছেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান।
ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিকতায় উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তিনি এই আবেদনপত্র পেশ করেছেন বলেও জানান তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
ঢাকা/ সৌরভ/জান্নাত