জাবি শিবিরের ইফতারে শিক্ষার্থীদের ভিড়, অনেকে ইফতার পাননি
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সম্মিলিত ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থীরা ভিড় করেন। আয়োজনের তুলনায় উপস্থিতি বেশি হওয়ায় এবং বিতরণে অব্যবস্থাপনার কারণে বহু শিক্ষার্থীকে ইফতার না পেয়ে ফিরে যেতে হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরেজমিন দেখা যায়, ইফতারে অংশ নেওয়ার জন্য বিকেলের পর থেকে কেন্দ্রীয় খেলার মাঠে নারী ও পুরুষ শিক্ষার্থীরা আসতে শুরু করেন। ইফতারের সময়ের অনেক আগে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আসন পূর্ণ হয়ে যায়। একপর্যায়ে ছেলে ও মেয়েদের ইফতার সংগ্রহের পৃথক লাইন কেন্দ্রীয় খেলার মাঠ ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ হয়। এ সময় বিপুল উপস্থিতির কারণে খাবার বিতরণে অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পরও অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত ইফতার পাননি। ইফতার না পেয়ে ফিরে যাওয়ায় এ সকল শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে তিন হাজারের বেশি মানুষের খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। শিক্ষার্থীদের উপস্থিতি তাদের ধারণার চেয়ে অনেক বেশি হওয়ায় অনাকাঙ্ক্ষিত এই সংকট তৈরি হয়।
ইফতারে অব্যবস্থাপনা ও খাবার সংকটের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছেন জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভাই-বোনেরা উপস্থিত হওয়ায় কিছু সংখ্যক শিক্ষার্থীর কাছে আমরা ইফতার পৌঁছাতে পারিনি। গত বছরের অভিজ্ঞতার আলোকে এ বছর আমরা তিন হাজারের বেশি শিক্ষার্থীর জন্য আয়োজন রেখেছিলাম। তারপরও শেষ মুহূর্তে খাবার সংকুলান না হওয়ায় অনেককে ইফতার না নিয়ে ফিরে যেতে হয়। আমরা সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি।’’
পরবর্তী যেকোনো আয়োজনে আরো বেশি সতর্ক থাকবেন বলে তিনি জানান।
ঢাকা/হাবীব/বকুল