ঢাবি চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা, অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, “উৎসবটি সফল করতে ইতোমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।” এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ঢাকা/সৌরভ/জান্নাত
‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বিল আকারে পাসের বিষয়ে ঐকমত্য: স্বরাষ্ট্রমন্ত্রী