ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা আটক

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৫ এপ্রিল ২০২৬  
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা আটক

মাহি চৌধুরী অর্ণব

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম মাহি চৌধুরী অর্ণব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

আটক মাহি জাতীয়তাবাদী ছাত্রদলের মুহসীন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের নেতারা।

ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা অভিযোগ করে বলেন, “মাহি চৌধুরী একজন প্রতারক। তার বিরুদ্ধে তিন থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।”

তিনি জানান, শনিবার তাকে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন বলেন, “আমরা পাঁচজন ঢাবি থেকে এসেছি। সে বিশ্ববিদ্যালয়ের ১২ থেকে ১৫ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়েছে। এ সংক্রান্ত হিসাব আমাদের কাছে রয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হবে।”

অন্যদিকে, মাহির বহিষ্কার প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি বলেন, “সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহি চৌধুরী অর্ণবকে গত মার্চ মাসেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।”

এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়