ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ ও হয়রানির বিচার দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:২১, ২১ এপ্রিল ২০২৬
শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ ও হয়রানির বিচার দাবিতে জবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিবিরের কথিত ‘গুপ্ত রাজনীতি’ এবং এক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

আরো পড়ুন:

বক্তারা দাবি করেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনি কার্যক্রম চালাচ্ছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোটও চেয়েছে বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ থাকতে হবে, গোপনে রাজনৈতিক কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয়।”

তিনি অভিযোগ করেন, এক শিবির-সম্পৃক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে; দ্রুত তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি একাধিক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে তা ভেঙে দিয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

বক্তারা আরো বলেন, “হানি ট্র্যাপ ধরনের প্রতারণামূলক কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের প্রভাবিত করার ঘটনাও সামনে এসেছে, যা উদ্বেগজনক।”

মানববন্ধন থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিবিরের কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি, কোনো সংগঠনের সদস্য অপরাধে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “বর্তমানে যারা শিবির পরিচয়ে সক্রিয়, তাদের মধ্যে অনেকেই আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।”

তিনি অভিযোগ করেন, “এসব ব্যক্তিরা বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়