ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবির নতুন উপাচার্যের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৯ মে ২০২৬   আপডেট: ২০:১১, ১৯ মে ২০২৬
ইবির নতুন উপাচার্যের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছে শাখা ছাত্রদল। সভায় পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষার্থীবান্ধব নীতিমালা, সেবাখাতে ডিজিটালাইজেশন এবং জিয়াউর রহমান হলের অব্যবস্থাপনা দূরীকরণে কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপাচার্যের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরসংলগ্ন আমতলায় বৃষ্টির কারণে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সেখানে বালু ফেলে সমস্যার সমাধান করা জরুরি। সেবাখাত, বিশেষ করে ভর্তি কার্যক্রমে ওয়ান-স্টপ সার্ভিস চালু, একাডেমিক শাখার ডিজিটালাইজেশন এবং সেশন ফি কমানো সময়ের দাবি। পাশাপাশি আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের ভর্তি প্রক্রিয়ায় বিদ্যমান কোটা এবং পোষ্য কোটা বাতিলেরও দাবি জানান তারা।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা জিয়া হল সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় রয়েছে। ক্লিনার সংকটের কারণে হলটিতে শিক্ষার্থীদের দীর্ঘদিন অপরিচ্ছন্ন পরিবেশে থাকতে হচ্ছে। ট্রেজারারের কাছে ক্লিনারের চাহিদা জানানো হলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তারা। একইসঙ্গে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিও জানান নেতারা।

উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার শর্ত মেনেই আমরা ভর্তি কার্যক্রমে অংশ নিয়েছি। যেহেতু বিষয়টি ইতোমধ্যে প্রক্রিয়াধীন, তাই এবার কোটা বাতিল করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে এ বিষয়ে আমরা চিন্তা করে দেখব।”

তিনি আরো বলেন, “ছুটির মধ্যেই জিয়া হলের বেশ কিছু সংস্কারকাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। সেবাখাত ডিজিটালাইজেশনের জন্য দ্রুতই বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা করা হবে। তবে সেবাখাতে বাজেট সীমিত থাকায় সেশন ফি আরো বাড়ানোর দাবি প্রত্যাশা করি।”

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে প্রক্টরিয়াল বডি, ডিন, প্রভোস্ট ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এয়াকুব আলী, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দীন। এছাড়া, রোকনুজ্জামান, রিয়াজ উদ্দীন, তৌহিদুল ইসলাম, আরিফুল ইসলাম জনিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়