রাবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অধ্যাপক আব্দুল আলিম ও অধ্যাপক মামুনুর রশীদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ। একইসঙ্গে বর্তমান দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক আব্দুল আলিমকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তাদের মেয়াদ হবে চার বছর। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতাও তারা প্রয়োগ করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/ফাহিম/জান্নাত
হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু