সঠিক দিকনির্দেশনা পেলে শীর্ষ ২০ অর্থনীতির দেশে যাবে বাংলাদেশ: জার্মান রাষ্ট্রদূত
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার জাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর-টকিং ডিপ্লোম্যাসি ফর কো-অপারেশন’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন জার্মান রাষ্ট্রদূত ড. হুডিগার লটজ।
সঠিক দিকনির্দেশনা ও সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির একটিতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. হুডিগার লটজ।
বুধবার (২০ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট হলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং জার্মান গবেষণাপ্রতিষ্ঠান এফইএসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর-টকিং ডিপ্লোম্যাসি ফর কো-অপারেশন’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে ড. হুডিগার বলেন, “তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’, বাংলাদেশের ভবিষ্যৎ রূপকার।” সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
জার্মান রাষ্ট্রদূত আরো বলেন, “বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আর শুধু সাহায্যনির্ভর নয়; বরং তা কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।” বিশেষ করে বাণিজ্যের বহুমুখীকরণ, উচ্চশিক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশি তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “দেশ পুনর্গঠনে তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এখন সময়ের দাবি।” শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী গবেষণা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত করতে জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এ সময় সিজিএসের সভাপতি জিল্লুর রহমান, এফইএসের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারডেসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/আহসান/জান্নাত
হাম ও এর উপসর্গে আরো ৭ জনের মৃত্যু