ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিজার্ভের অর্থ ব্যবহারে নীতিমালা হবে: অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ মার্চ ২০২১  
রিজার্ভের অর্থ ব্যবহারে নীতিমালা হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

রিজার্ভ থেকে বেসরকারি খাতে অর্থায়ন করা যাবে কি না, সে বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সরকারি প্রকল্প বাস্তবায়নে রিজার্ভ থেকে অর্থ নেওয়ার বিষয়ে নীতিমালা হবে।  আগামী ৫ বছরে আমরা ৫ম এশিয়ান টাইগার হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে সক্ষম হবো।’

বুধবার (২৪মার্চ) সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আলাদা দুটি ভার্চুয়াল সভা শেষে  অর্থমন্ত্রী এসব কথা বলেন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী বলেছেন, রিজার্ভ থেকে সরকারি প্রতিষ্ঠান ফান্ড পাচ্ছে। বেসরকারি খাতও এ ধরনের ফান্ড পাবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে  নীতিমালা তৈরি হবে। রিজার্ভ থেকে  বেসরকারি খাতকে ঋণ দেওয়া যাবে কি না, সেটা নীতিমালা হওয়ার পর জানতে পারবেন।’ তিনি  বলেন, ‘আমাদের চাহিদা কত, তার ওপর বিষয়টি নির্ভর  করবে। তবে, একটা নীতিমালা তো হবেই। নীতিমালার ওপর নির্ভর করেই এটা করবো। যেহেতু নতুন একটি এলাকা আমরা উন্মুক্ত করলাম, সেহেতু এটার ওপর কাজ করা বাকি আছে। সরকারি খাতে পাবে, এটা ঠিক আছে এখানে কোনো প্রশ্ন নেই।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নীতিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘নীতিমালা হলে আপনারা জানতে পারতেন। আমরা কি অর্থ দিয়ে দিয়েছি? যদি অর্থ দেইও তাহলে সরকারের ডান হাত থেকে বাম হাতে যাচ্ছে। এখন সরকারি প্রকল্পে যে অর্থ আমরা ব্যয় করি, এখন বিদেশ থেকে টাকা না এনে নিজের টাকায় করতে পারি, এটা কি মঙ্গলজনক নয়? ভালো না বলেন? এখানে প্রশ্নের কিছু নেই।’

চলতি বাজেটে অপ্রদর্শিত আয় সব খাতে বিনিয়োগ করার সুযোগ রয়েছে, আগামী বাজেটেও এই সুযোগ দেওয়া হবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর বাজেটে যে সব জায়গা ছিল, সেগুলো থাকবে কি না, তা এই  মুহূর্তে বলা যাবে না।’

রিজার্ভ থেকে পায়রাবন্দরে যে অর্থ দেওয়া হয়েছে, সেখান থেকে বেসরকারি খাত ঋণ  নিতে পাবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আজ ক্রয় কমিটিতে পায়রাবন্দরের কোনো কিছু অনুমোদন দেইনি। তবে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় একটি প্রস্তাব এসেছিল, তাতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’ ‘তিনি বলেন, ‘পরবর্তী ক্রয় কমিটির সভায় যখন পায়রাবন্দরের প্রস্তাব আসবে, তখন জানা যাবে। তবে, আজকে আমরা নীতিগতভাবে অনুমোদন দিয়েছি যে, সরকারি অর্থায়নে করা যাবে। আগে আমরা বিদেশি অর্থায়নে জয়েন্ট ভেঞ্চারে করার কথা বলেছিলাম। কিন্তু বিদেশি অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করলে প্রকল্প খরচ বেড়ে যায়।’ সেজন্য এই ধরনের প্রকল্প সরকারি অর্থে বাস্তবায়নের চেষ্টা হবে বলেও তিনি জানান।  

/হাসনাত/এনই

সর্বশেষ

পাঠকপ্রিয়