ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল হাকিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১২ জুন ২০২২  
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল হাকিম

মো. আব্দুল হাকিম

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের পরিচালক মো. আব্দুল হাকিম পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। তাকে বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১২ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

মো. আব্দুল হাকিম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। নয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ে যোগ দেন। পরে প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগ, প্রশাসন বিভাগ (বর্তমান নাম: হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট), ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয় ও গভর্নর সচিবালয়ে মহাব্যবস্থাপক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি কৃষি ঋণ বিভাগে উপমহাব্যবস্থাপক পদে থাকাকালে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাওয়ার্ড পান।

মো. আব্দুল হাকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি (ফলিত গণিত) ডিগ্রি লাভ করেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফাইন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং ডিনস অ্যাওয়ার্ড পান।

কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত, নেপাল, কেনিয়া ও জার্মানিতে অনুষ্ঠিত বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, এক্সপোজার ভিজিটে অংশ নেন মো. আব্দুল হাকিম। তিনি এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিট অ্যাসোসিয়েশনের (এপিআরএসিএ) কৃষি ঋণ বিষয়ক এক্সপার্ট টিমের সদস্য।

তিনি ব্যাংলাদেশ কৃষি ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সরকার মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বাছাই কমিটির সদস্য (বিকল্প) হিসেবে দায়িত্ব পালন করনে।

মো. আব্দুল হাকিম সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মো. মুজিবর রহমান সরদার (মরহুম) ও কদবানু বিবির প্রথম সন্তান। তিনি কলারোয়া সরকারি জিকেএমকে বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজের ছাত্র ছিলেন। তিনি সরকারি কলেজের এক্স স্টুডেন্ট সোসাইটির অন্যতম উপদেষ্টা ও সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও গণিত বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।

এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়