ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাত মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি কৃষি ঋণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৬ মার্চ ২০২৫  
সাত মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি কৃষি ঋণ বিতরণ

ফাইল ফটো

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা। প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি বা ৫০ দশমিক ৫৭ শতাংশ বিতরণ করেছে ব্যাংকগুলো। আলোচ্য সময়ে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ১৯ হাজার ২১৫ কোটি টাকা। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সরকারি ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে ৮ হাজার ৯৩ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলো বিতরণ করেছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা এবং বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৭৮৩ কোটি টাকা।

কৃষি খাতে অর্থ সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২ শতাংশ কৃষি খাতে বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। যেসব ব্যাংক লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষিঋণ বিতরণ করবে না, তাদের জরিমানার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংক কৃষি ঋণ লক্ষ্যমাত্রা অনুযায়ী বিতরণে ব্যর্থ হবে, সেসব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট তহবিলে ওই অর্থ জমা দিতে হবে। 

যেসব ব্যাংকের পল্লী অঞ্চলে শাখা নেই, তারা এনজিওর মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে, সুদের হার ঠিক থাকবে। ফলে, প্রতি বছর কৃষিঋণ বিতরণ বাড়ছে।

কৃষি ঋণের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) কৃষি ঋণ বিতরণ করেছে ৪ হাজার ৯১২ কোটি টাকা। আলোচ্য সময়ে কৃষি ঋণ বিতরণে শীর্ষে আছে কৃষি ব্যাংক। এর পরেই আছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আলোচ্য সময়ে কৃষি ঋণ বিতরণ করেছে ১ হাজার ৯৬২ কোটি টাকা। এছাড়া, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১ হাজার ৪১৪ কোটি, সোনালী ব্যাংক ৮৮৩ কোটি, ব্র্যাক ব্যাংক ৬৫১ কোটি, এক্সিম ব্যাংক ৬১৭ কোটি এবং পূবালী ব্যাংক ৬০৭ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে। 

বিদেশি ও বেসরকারি ব্যাংকগুলোও কৃষি ঋণ বিতরণ করেছে। তবে, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক এবং বিদেশি উরি ব্যাংক কৃষি ঋণ বিতরণ করতে পারেনি।

ঢাকা/এনএফ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়