গ্রামীণফোনের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩১.১৮ শতাংশ
পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩১.১৮ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৪) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। আর তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৫১ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬.৩৮ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৩ টাকা বা ২.০৪ শতাংশ।
এদিকে, চলতি বছরের প্রথম দুই প্রান্তিক মিলে বা অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১.২১ টাকা। গত হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৬.২৯ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫.০৮ টাকা বা ৩১.১৮ শতাংশ।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৬.৯৪ টাকা। গত হিসাব বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ২৮.০৭ টাকা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.১৫ টাকা।
ঢাকা/এনটি/ইভা