ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুনাফা কমেছে সঞ্চয়পত্রে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫৭, ১ জানুয়ারি ২০২৬
মুনাফা কমেছে সঞ্চয়পত্রে 

সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। পুনঃনির্ধারিত হার অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার হার হবে সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ এবং সর্বোচ্চ ১০ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ নতুন মুনাহার হার কার্যকর করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই মুনাফার নতুন হার কার্যকর হবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন আদেশ অনুসারে, কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার তুলনামূলকভাবে বেশি। বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কম। এ ক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এ পরিমাণ বা এর কম হলে মুনাফার হার বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমে আসবে।

পরিবার সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্রে এতদিন সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ; এখন তা কমিয়ে করা হয়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, সেটা কমিয়ে ১০ দশমিক ৪১ শতাংশ করা হয়েছে।

পেনশনার সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১১ দশমিক ৯৮ শতাংশ। এখন তা করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। এখন থেকে তা হবে ১০ দশমিক ৪১ শতাংশ।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। এখন তা হবে ১০ দশমিক ৪৪ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ। এখন তা হবে ১০ দশমিক ৪১ শতাংশ।

এছাড়া, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে। এ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। এখন তা হবে ১০ দশমিক ৪৮ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১১ দশমিক ৭৭ শতাংশ। এখন তা হবে ১০ দশমিক ৪৩ শতাংশ।

ঢাকা/নাজমুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়