জানুয়ারিতে প্রবাসী আয় ৩১৭ কোটি ডলার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ৩১৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৭ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৬ কোটি ২০ লাখ ডলার।
তবে, গত বছরের ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স আসার পরিমাণ কিছুটা কমেছে। ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড হয়েছে। ওই অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
ঢাকা/নাজমুল/রফিক