অসংগতি থাকলেও ফলাফল মেনে নিয়েছি: সাইফুল হক
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
“ঢাকা-১২ আসনের নির্বাচনে কোদালের এজেন্টদের কক্ষে ঢুকতে না দেওয়া, জাল ভোট, ভোট গণনায় অসংগতিসহ নানা অভিযোগ থাকলেও এই ফলাফলকে আমরা মেনে নিয়েছি।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমমনা দল হিসেবে সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী সাইফুল হক এক বিবৃতিতে এমন অভিমত ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনায় নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হলো। নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন। তারেক রহমান গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে আশা করছি।
সাইফুল হক নিজের আসনের ফলাফল সম্পর্কে বিবৃতিতে বলেন, “নানা অসংগতি ও সমালোচনা থাকলেও ঢাকা-১২ আসনের নির্বাচনি ফলাফলকে আমরা মেনে নিয়েছি।”
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বামপন্থি এই নেতা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে অনুষ্ঠিত নির্বাচন ও নবগঠিত সংসদ সংস্কারের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া ভোটারদের ধন্যবাদ জানিয়েছে সাইফুল হক আশা প্রকাশ করেন, সরকার ও জাতীয় সংসদকে তারা নিয়মিত জবাবদিহিতার মধ্যে রাখবেন।
ঢাকা-১২ আসনের ৩১ হাজার ভোটারসহ দেশের সাতটি নির্বাচনি এলাকায় যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইফুল হক।
তিনি নির্বাচনে কালো টাকার প্রকাশ্য ছড়াছড়িসহ নানা ত্রুটি থাকা সত্ত্বে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল