ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৯ মার্চ ২০২৬   আপডেট: ১৯:৩০, ৯ মার্চ ২০২৬
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং করেন।

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘‘তেলের দাম বাড়বে না।’’

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সব কথা বলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এ মন্ত্রী। 

আরো পড়ুন:

বাণিজ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বাজারে যে সঙ্কটের খবর শোনা গেছে, তা মূলত ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কারণে তৈরি হয়েছে। ফলে কিছু এলাকায় সাময়িকভাবে সরবরাহে চাপ তৈরি হয়।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সঙ্কট বা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির খবর প্রকাশ পাওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এ বৈঠক ডাকা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘‘আমরা বৈঠকে বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছি। ব্যবসায়ীরা জানিয়েছেন বাজারে পর্যাপ্ত তেল রয়েছে। কোথাও কোথাও ভোক্তারা আতঙ্কিত হয়ে বেশি করে কিনে রাখায় সাময়িকভাবে কিছু দোকানে মজুত শেষ হয়ে যেতে পারে।’’

নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন বড় দোকানগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত পণ্য থাকায় অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেল নিয়েও সঙ্কট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল কোনোটিতেই ঘাটতি নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সঙ্কট’ শব্দটি যুক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরো জোরদার করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও নিয়মিত অভিযান পরিচালনা করবে।

তিনি বলেন, বাজারে কোনো অনিয়ম পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়