কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ অটোকারসের শেয়ারদর
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারের দাম কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সোমবার (৩০ মার্চ) কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে।
বাংলাদেশ অটোকারস লিমিটেডের গত ৮ মার্চ শেয়ারের দাম ছিল ১২৬.১০ টাকায়। আর ৩০ মার্চ লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬.৩০ টাকায়। ১০ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৬০.২০ টাকা বা ৪৭.৭৪ শতাংশ।
এভাবে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/ইভা