ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ১৯ জুন ২০২৬  
জাহাজ ইজারার ভাড়া পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক

প্রতীকী ছবি

দেশীয় শিপিং খাতের বিকাশে জাহাজ ইজারার ভাড়া পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিমান ইজারার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতিতেই জাহাজ ইজারার ভাড়া পরিশোধ করা যাবে। ফলে স্থানীয় শিপিং কোম্পানিগুলোর জন্য বিদেশ থেকে জাহাজ ইজারা নিয়ে পরিচালনা করা আরো সহজ হবে।

আরো পড়ুন:

এ লক্ষ্যে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে নিবন্ধিত শিপিং কোম্পানির পক্ষে ইজারা নেওয়া জাহাজের ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতদিন এ ধরনের সুবিধা মূলত বিমান ইজারার ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। নতুন নির্দেশনার ফলে একই সুবিধা জাহাজ ইজারার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের সংখ্যা বৃদ্ধি এবং সামুদ্রিক পরিবহন খাতকে আরো প্রতিযোগিতামূলক করে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তবে, এ সুবিধা পেতে শিপিং কোম্পানিগুলোকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে— ইজারা নেওয়া জাহাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে এবং নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন জমা দিতে হবে। 

পাশাপাশি জাহাজ পরিচালনার মাধ্যমে অর্জিত বৈদেশিক আয় প্রচলিত বিধি অনুযায়ী দেশে আনতে হবে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এ উদ্যোগ দেশের শিপিং কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে সমুদ্রপথে পণ্য পরিবহনে দেশীয় সক্ষমতা বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বৃদ্ধি পাবে।

তাদের মতে, দেশীয় জাহাজ পরিচালনার পরিধি বাড়লে বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমবে। এর ফলে দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং সামুদ্রিক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

ঢাকা/তুহিন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়