ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৮ ডিসেম্বর ২০২৫  
ডিএসইর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজে যোগ দিয়েছেন নুজহাত আনোয়ার। 

রবিবার (২৮ ডিসেম্বর) তিনি ডিএসইতে এই পদে যোগ দেন।  এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো নারী ব্যবস্থাপনা পরিচালক পেল ডিএসই।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করে।

নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াজুড়ে একাধিক নেতৃস্থানীয় দায়িত্ব পালন করেছেন। 

তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী ক্রান্তিকালীন ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।

নুজহাত আনোয়ার বতসোয়ানা এবং নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি ও লিকুইডিটি, ট্রানজ্যাকশন সার্ভিসেস, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং মার্কেট অ্যাডভোকেসিতে দক্ষ। 

কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে মোট ১৬ বছর বিভিন্ন সিনিয়র ম্যানেজমেন্ট পদে দায়িত্ব পালন করেন। নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়