ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শুভ-ঋতুপর্ণার রোমান্স (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভ-ঋতুপর্ণার রোমান্স (ভিডিও)

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ অভিনেত্রীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের ব্যস্ততম চিত্রনায়ক আরিফিন শুভ। ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। এটি পরিচালনা করেছেন চিত্রনায়ক আলমগীর।

আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রকাশিত হলো সিনেমাটির ‘তুমি আছো তাই’ শিরোনামের গানের টিজার। গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে এটি। ‘তুমি আছো তাই/ আমি ভালোবাসা পাই/ ভালোবেসে আরো আরো ভালোবাসা চাই’- এমন রোমান্টিক কথার গানটি লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও এসআই টুটুল। মনোরম লোকেশনে গানটির দৃশ্যায়ন করা হয়েছে। এতে শুভ-ঋতুপর্ণাকে রোমান্স করতে দেখা যায়।

সিনেমাটির গল্পে একজন পরিচালক, একজন নায়ক ও একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট তুলে ধরা হয়েছে। আলমগীর নিজেই সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। পরিচালনার পাশাপাশি একটি চরিত্রে অভিনয়ও করছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে।

আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

আলমগীর এর আগে ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’সহ মোট পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেন।

দেখুন : ‘তুমি আছো তাই’ গানের টিজার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়