ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিমান ভুলে একসঙ্গে আসিফ-ইথুন বাবু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিমান ভুলে একসঙ্গে আসিফ-ইথুন বাবু

বিনোদক প্রতিবেদক : সংগীতশিল্পী আসিফ আকবর ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ শিরোনামের গানটি গেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। গানটির গীতিকার, সুরকার ও সংগীতায়োজক ছিলেন ইথুন বাবু। তারপর কেটে গেছে দীর্ঘ ১৮ বছর কিন্তু আর একসঙ্গে কাজ করেন নি আসিফ ও ইথুন বাবু। মান-অভিমান থেকেই তারা একসঙ্গে কাজ করেন নি বলে জানিয়েছেন আসিফ আকবর।

এবার অভিমান ভুলে ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন আসিফ। গাটিতে ইথুন বাবুর সঙ্গে সহযোগিতা করেছেন রোজেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এই গান নিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। কারণ প্রথম কাজ তার সঙ্গেই করেছিলাম। তারপর একটা অভিমান আমাদের তৈরি হয় কিন্তু সেটা এখন আর নেই। আবারো নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। নতুন এ গানও বেশ ভালো হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ইথুন বাবু বলেন, ‘আমি নিয়মিত গান লিখি, সুর করি। আসিফের সঙ্গে ১৮ বছর ধরে কোনো কাজ করা হয়নি। অনেকদিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে।’

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে আসিফ আকবরের সঙ্গে দ্বিতীয়বারের মতো মডেল হয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইথুন বাবু। কোরিওগ্রাফি করেছেন হাবিব।

আগামী ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘চুপচাপ কষ্টগুলো’ শিরোনামের গানটি প্রকাশ করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বালালিংক ভাইবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়