ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরে বাজবে বরুণের বিয়ের সানাই!

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিসেম্বরে বাজবে বরুণের বিয়ের সানাই!

বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল

বিনোদন ডেস্ক : বলিউডে চলছে বিয়ের ধুম। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকজন তারকা বিয়ে করবেন বলে বলিপাড়ায় গুঞ্জন উঠেছে। এর মধ্যে অভিনেতা বরুণ ধাওয়ানের নামও শোনা যাচ্ছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ডিসেম্বরে বাজবে বরুণের বিয়ের সানাই। প্রেমিকা নাতাশা দালালকেই বিয়ে করবেন তিনি। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি বরুণ।

তবে সম্প্রতি শোনা যায়, বরুণের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ অভিনেতার জন্য কেনাকাটা শুরু করেছেন নাতাশা। খুবই ঘরোয়া পরিবেশে এ জুটির বিয়ে হবে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু এ বিয়েতে উপস্থিত থাকবেন।

নাতাশা দালালের সঙ্গে বরুণের প্রেমের কথা কারো অজানা নয়। বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে প্রেমিকাকে নিয়ে খুব একটা প্রকাশ্যে আসতেন না বরুণ। তবে ২০১৭ সালে একটি বিয়ের অনুষ্ঠানে নাতাশাকে নিয়ে প্রথমবার সবার সামনে আসেন। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। এছাড়া নাতাশার সঙ্গে প্রেম নিয়েও কোনো লুকোচুরি করেন না বরুণ। এমনকি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে এ অভিনেতা সাফ জানিয়েছেন, নাতাশাকেই বিয়ে করবেন তিনি।

এর আগে নাতাশার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে সাক্ষাৎকারে বরুণ বলেছেন, ‘নাতাশার সঙ্গে প্রেম করছি এবং তাকেই বিয়ে করার পরিকল্পনা করছি।’ তিনি আরো বলেন, ‘প্রেমের বিষয়টি আমার কাছে সব সময়ই স্বাভাবিক একটি বিষয়। লুকোচুরি করার কিছু নেই। আমি শুধু ক্যারিয়ার ছেড়ে প্রেমের দিকে মনোযোগ দিতে চাইনি। এ কারণেই আমি এটি নিয়ে বেশি কিছু বলি না।’

গত বছর নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এরপর ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। শোনা যাচ্ছে, বরুণ-নাতাশা ছাড়াও এ বছর রণবীর কাপুর-আলিয়া ভাট, ফারহান আখতার-শিবানি ডাণ্ডেকর, অর্জুন কাপুর-মালাইকা আরোরা, আরবাজ খান-জর্জিয়া আদ্রিয়ানি জুটি বিয়ের পিঁড়িতে বসবেন।




রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়