ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিলার

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০১, ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবেক স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ মিলার

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। খুব কম সময়ের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন এই শিল্পী। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলা। কিন্তু তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। নারী নির্যাতন-যৌতুকের অভিযোগে স্বামী সানজারির বিরুদ্ধে মামলাও করেন তিনি। সবশেষ সংসার জীবনের ইতি টানেন পপ গানের এই শিল্পী। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

গতকাল ২৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন মিলা। সেখানে উপস্থিত ছিলেন মিলার বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শহিদুল ইসলাম, মা ও ছোট বোন দিশা। এসময় মিলা প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ করেন। তিনি অভিযোগে বলেন, তার ডিভোর্সের আগেই পারভেজ সানজারি একজন অভিনেত্রীর সঙ্গে অশ্লীল ছবি আদান প্রদান করতো।


সংবাদ সম্মেলনে মিলা বলেন, ‘আমার সঙ্গে তখনও ডিভোর্স হয়নি পারভেজ সানজারির। কিন্তু তখনই আমার এক সহকর্মীর স্ত্রীর (এক অভিনেত্রী) সঙ্গে তার সম্পর্ক ছিল। তারা ফেসবুক ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি আদান-প্রদান করতো।’

মিলা বলেন, ‘আমি বিষয়টি জানার পর ওই অভিনেত্রীকে ফোন কল দেই; তখন সে বলে, একজন পাইলটের সঙ্গে পরিচয় থাকতেই পারে। তখন তাকে আমি ধমকের সুরে বলি, তুমি কি পাইলট যে, পাইলটের সঙ্গে সম্পর্ক থাকবে? আর নরমাল সম্পর্ক থাকলে কীভাবে ম্যাসেঞ্জারে খোলামেলা ছবি পাঠাও?’

এদিকে মিলা তার সংসার ভাঙার জন্য ওই অভিনেত্রীর পাশাপাশি একটি বেসরকারি টিভি চ্যানেলের এক নারী কর্মকর্তাকেও দায়ী করেন। এ দুজন ছাড়াও অন্য নারীর সঙ্গে তার (পারভেজ সানজারি) শারীরিক সম্পর্ক ছিল বলে দাবি মিলার।



সাংবাদিকদের উদ্দেশ্যে মিলা বলেন, ‘আজ আমি ও আমার পরিবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ভালো-খারাপ বিষয়ে সব সময়ের সাক্ষী আপনারাই। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’

বিবাহিত জীবনের অনেক ঘটনা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিলা। স্বামী ও শ্বশুরবাড়ির অমানবিক নির্যাতনের ন্যায়বিচার দাবি করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৯/রাহাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়