ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের খবরে চটেছেন স্বস্তিকা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ের খবরে চটেছেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। খোলামেলা চরিত্রে অভিনয় ও ব্যক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি। এবার নিজের বিয়ের খবরে ভীষণ চটেছেন এই নায়িকা।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তিকার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়। একটি ছবিতে দেখা যায়— স্বস্তিকার সিঁথিতে সিঁদুর, মুখমণ্ডলে বিয়ের সাজ। তার চেয়ে কম বয়েসি এক ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছেলেটিও বিয়ের সাজে সেজেছেন। তারপর ভারতীয় একটি সংবাদমাধ্যম ‘কাউকে কিছু না বলে চুপিসারে কাকে বিয়ে করলেন স্বস্তিকা!’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে। যদিও প্রতিবেদনটির শেষের দিকে উল্লেখ করা হয়— এসব ছবি ফটোশুটের। কিন্তু অল্প সময়ের মধ্যেই স্বস্তিকার বিয়ের এ খবর ছড়িয়ে পড়ে।

এ খবর স্বস্তিকার কানেও পৌঁছায়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ওই প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করে একটি স্ট্যটাস দেন এই অভিনেত্রী। ভারতীয় ওই সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে স্বস্তিকা তার ফেসবুকে লিখেন, ‘আপনাদের দায়িত্ব নেই, লজ্জা তো কোনো কালেই নেই। একটা নিউজ চ্যানেল খুলেছেন যখন তখন কার বিয়ে, কত বয়েস, কত নাম্বার—এই দিয়েই তো চালিয়ে যেতে হবে, চালিয়ে যান। আপনাদের দর্শকও দারুণ। কুৎসিত মন্তব্য করতেও পিছপা হতে শেখেনি। অবাক হওয়ার কিছু নেই। এই ধরনের মিডিয়া হাউজ ও তার সাংবাদিকদের কাছ থেকে কোনোরকম বোধের আশা আমি আর করি না। নায়িকা এবং তাদের ব্যক্তিগত জীবনের ঘাড় ভেঙে তারউপর নিজেদের খুশিমতো গল্প মাখিয়ে—যাতে ফুল স্পিডে তাড়াতাড়ি মানুষের নজরে আসা যায় সেটা করুন, ফলোয়ার বাড়বে। এই একটা কাজ অন্তত মন দিয়ে করুন। আপনার জন্য শুভ কামনা।’

১৯৯৮ সালে প্রমিত সেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বস্তিকা। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী। ২০০৭ সালে প্রমিত-স্বস্তিকার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর টলিউডের একাধিক চিত্রনায়ক ও পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই নায়িকা।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়