ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নিজেকে পুনরায় গড়ার আগে ভাঙতে হয়েছে’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিজেকে পুনরায় গড়ার আগে ভাঙতে হয়েছে’

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত টেকেনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন ক্যাটরিনা। ব্রেকআপের বিষয়টি কীভাবে সামলেছেন— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে জিরো অভিনেত্রী বলেন, “নিজেকে পুনরায় গড়ার আগে ভাঙতে হয়েছে। যা কিছু হয়েছে তা আমাকে অনুভব করতে ও বুঝতে হয়েছে। সম্পর্কে আমার দিক থেকে সম্পূর্ণ দায় নিতে হয়েছে, যা আমি আরো ভালো করতে পারতাম। যেগুলো আমার সমস্যা ছিল না, যেগুলোর জন্য আমি দায়ী না সেগুলোও মেনে নিয়েছি। আমি যখন খুব খারাপ অবস্থায় ছিলাম তখন আমার মা বলেছিলেন, ‘অনেক মেয়েকেই এ ধরনের সমস্যায় পড়তে হয়, মনে করছো তুমি একা, কিন্তু তুমি একা না।’ এ কথাগুলো আমাকে সাহায্য করেছে।’’

জাগ্গা জাসুস অভিনেত্রী আরো বলেন, ‘আমি বলছি না, ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখুন। না, প্রাণখুলে ভালোবাসুন। ভালোবাসার সম্পর্কে থাকাটা অনেক আনন্দের এবং একজনকে অনেক কিছু দিয়েছি। কিন্তু এখন বুঝতে পেরেছি কেউ আপনাকে আপনার অধিকার দেবে না।’

রণবীর ও ক্যাটরিনার প্রেমের গল্পটি বলিউড সিনেমাপ্রেমীদের কাছে অজানা নয়। আজব প্রেম কি গজব কাহানি সিনেমার সেটে তাদের প্রেম হয়। প্রায় সাত বছর প্রেম করার পর ২০১৬ সালের জানুয়ারিতে ব্রেকআপ হয় এ জুটির। ওই সময় জাগ্গা জাসুস সিনেমার শুটিং করছিলেন তারা। ব্রেকআপের ফলে সিনেমাটিও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে অবশ্য শুটিং করেছেন তারা। একসঙ্গে সিনেমাটির প্রচারেও অংশ নিয়েছেন। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের আলিঙ্গন করতেও দেখা গেছে।

এদিকে ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনাও করছেন এ জুটি। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। অন্যদিকে ব্রেকআপের পর একাধিকবার ক্যাটরিনার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

বর্তমানে ভারত সিনেমা নিয়ে ব্যস্ত ক্যাটরিনা। এতে আরো অভিনয় করছেন সালমান খান, জ্যাকি শ্রফ, দিশা পাটানি, সুনীল গ্রোভার প্রমুখ। চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। এদিকে রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ব্রহ্মাস্ত্র। আয়ান মুখার্জি পরিচালিত সিনেমাটিতে আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়