ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছোটপর্দায় সরব সেই শাকিবা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছোটপর্দায় সরব সেই শাকিবা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাকিবা। ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভন্ড নেতা’ সিনেমার মাধ্যমে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জীবনের গ্যারান্টি নাই’। এরপর একাধারে ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, 'দুই পুরুষ', ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ ৪০টিরও বেশি সিনেমা মুক্তি পায় তার। সর্বশেষ ২০১১ সালে শাকিবা অভিনীত ‘মাটির ঠিকানা’ মুক্তি পায়। এরপর তাকে নতুন সিনেমায় দেখা যায়নি। দীর্ঘ বিরতীর পরে রুপালি ভুবনের শাকিবা এখন ছোটপর্দায় ব্যস্ত সময় পার করছেন।

শাকিবা বর্তমানে মালয়েশিয়ায় ঈদের নাটক ‘চলো না ঘুরে আসি’ ও ‘সারপ্রাইজ’ নামে সাত পর্বের একটি  নাটকের শুটিং করছেন। শাকিবা জানান, আগামী পাঁচ বা ছয় তারিখে তিনি ঢাকা ফিরবেন। দীর্ঘ বিরতী প্রসঙ্গে শাকিবা বলেন, ‘পড়াশোনা, বাবার ব্যবসা দেখাশোনা করার কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। মাঝে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তখন অনেকটা ভেঙে পড়েছিলাম। পড়াশোনা শেষ করলাম, এখন আবার প্রস্তুত কাজ করার জন্য।’

 



২০১৩ সালে সরকারি অনুদানের সিনেমা ‘নমুনা’য় অভিনয় করেন শাকিবা। এনামুল করিম নির্ঝর পরিচালিত এই সিনেমায় শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ। সিনেমাটি এখনও আলোর মুখ দেখেনি। শাকিবা পিংকি নামে মডেলিং শুরু করেন। এরপর টিভি নাটকে কাজ করেন তিনি। সেখান থেকে চলচ্চিত্রে পা রাখেন। 



রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়