ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বন্দ্ব বাড়ছে জিৎ-রাজের?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বন্দ্ব বাড়ছে জিৎ-রাজের?

জিৎ, রাজ চক্রবর্তী

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক জিৎ। তার অভিনীত পরবর্তী সিনেমা ‘শেষ থেকে শুরু’। তরুণ নির্মাতা রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমাটি আগামী সপ্তাহে মুক্তি পাবে। মুক্তির সময় যত এগিয়ে আসছে জিতের সঙ্গে পরিচালক রাজের দ্বন্দ্ব ততই বাড়ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

জিতকে নিয়ন্ত্রণ করা কঠিন। তার শর্ত অনেককে সমস্যায় ফেলছে। আর সেখান থেকেই রাজের সঙ্গে দূরত্ব বাড়ছে। এ প্রসঙ্গে জিৎ সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কাজ করার সময় সব মানুষের সঙ্গে ঝামেলা হতে পারে। কারণ কাজটা ভালো করে করাই সকলের উদ্দেশ্য। ঝামেলা কোয়েলের সঙ্গে হয়, রাজের সঙ্গেও হয়, আমার টিমের সঙ্গেও হয়। কিন্তু আমি সেটা নিয়ে পড়ে থাকি না। ওটা কাজের জায়গাতেই শেষ হয়ে যায়।’

এ প্রসঙ্গে একটি সূত্র জানান, দুই বছর আগে ‘অভিমান’ সিনেমায় রাজের সঙ্গে কাজ করেছিলেন জিৎ। সিনেমাটি মুক্তির পর ভালো ব্যবসা করেনি। এরপর ‘শেষ থেকে শুরু’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করেন তারা। কিন্তু সিনেমাটির শুরু থেকেই নাকি জিৎ এই প্রজেক্টের রাশ নিজের হাতে রাখেন। সিনেমাটিতে অনেক দিন পর জুটি বেঁধেছেন জিৎ ও কোয়েল। সিনেমার কাস্টিং কে হবেন, সিনেমার কোনো তথ্য প্রকাশ্যে আসবে, সব সিদ্ধান্তই জিৎ এবং তার ভাই গোপাল নিয়েছেন। এ তো গেল প্রি-প্রোডাকশনের কথা। সিনেমাটির শুটিংয়ের সময়ও জিৎ পরিচালককে নানাভাবে অযাচিত পরামর্শ দিয়েছেন।

তবে রাজ এই দ্বন্দ্বের কথা মানতে রাজি নন। তিনি বলেন, ‘জানি না এগুলো কারা বলছে। জিতের সঙ্গে এটা আমার চতুর্থ সিনেমা। আমাদের কোনো দিনই সমস্যা হয়নি। খুব ভালোভাবে শুটিং করেছি। সিনেমাটি নিয়ে আমরা উচ্ছ্বসিত।’

রাজ চক্রবর্তী যা-ই বলুন কেন এ ধরনের অভিযোগ এর আগেও উঠেছে। নিজের প্রযোজনার সিনেমা বলে কথা নয়, তিনি যখন অন্য প্রযোজকের সঙ্গে কাজ করেছেন তখনো নানা কাহিনি টলিউড ইন্ডাস্ট্রিতে রটেছে। সবাই জানেন, জিৎ তার লুক নিয়ে খুব খুঁতখুঁতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম সিনেমা থেকেই আমি নিজস্ব ইনপুটস দিই। সেটা আমার প্রোডাকশনে হোক বা অন্য কারো। আমি একা নই, সব শিল্পীই এটা করেন। কারণ এটা টিমওয়ার্ক।’

এদিকে জিৎ অভিনীত ‘শেষ থেকে শুরু’ সিনেমাটি আমদানি করে বাংলাদেশে মুক্তির ঘোষণা দিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এরই মধ্যে কলকাতায় একাধিক বৈঠক শেষে বিষয়টি প্রায় চূড়ান্ত করেছেন তিনি। কিন্তু দেশে সিনেমাটি মুক্তির জন্য আপিল বিভাগের অনুমতি প্রয়োজন। এখন সেই অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি।




রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়