ঢাকার পর্দায় অ্যানাবেল আতঙ্ক!
বিনোদন ডেস্ক: ভৌতিক সিনেমার ভক্তদের বেশ ভালোভাবেই জানা ‘অ্যানাবেল’-এর কথা। ২০১৪ সালে মুক্তি পাওয়া এ সিনেমার হাড় হিম করা দৃশ্যের কথা মনে করলে এখানো গা ছমছম করে। ভয়ঙ্কর এক পুতুলের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পরপরই জায়গা করে নিয়েছিল বক্স অফিসের শীর্ষে।
২০১৭ সালে মুক্তি পায় এর সিক্যুয়েল ‘অ্যানাবেল: ক্রিয়েশন’। এটিও প্রত্যাশিত সাফল্যের ফসল ঘরে তোলে। যার ধারাবাহিকতায় এবার আসছে অ্যানাবেল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা এবং কনজ্যুরিং ইউনিভার্সের সপ্তম সিনেমা ‘অ্যানাবেল কামস হোম’। আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। এর গল্প লিখেছেন গ্যারি ডবারম্যান। এর আগের দুটি কিস্তির গল্পও তিনিই লিখেছিলেন। তবে ‘অ্যানাবেল কামস হোম’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হচ্ছে তার। এটি প্রযোজনা করেছেন জেমস ওয়ান এবং পিটার সাফরান।
আগের সিনেমায় দেখা যায়, আদরের মেয়েটির আকস্মিক মৃত্যুর ২০ বছর পর এক পুতুল নির্মাতা ও তার স্ত্রী তাদের বাড়িতে এক সন্ন্যাসিনী ও কিছু অনাথ বাচ্চাকে জায়গা দেন। তারপর শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। ঘটনার কেন্দ্রে রয়েছে অ্যানাবেল নামের পুতুলটি। অ্যানাবেল এমনই আতঙ্ক তৈরি করে যে, এ সিনেমা দেখার পর ছোটদের খেলার পুতুল বাড়ি থেকে ছুঁড়ে ফেলেছিলেন বলে জানা গেছে। শুধু ছোটরা নয়, বাড়ির বড়রাও ভয় পেতে শুরু করেন এমন খবরও পাওয়া গেছে।
এবারের সিনেমায় দেখা যাবে— অ্যানাবেলের ধ্বংসাত্মক আচরণ বন্ধ করার জন্য পুতুলটিকে লোরেন ওয়রেন তাদের ঘরের পুরোহিতের মন্ত্রপড়া একটি পবিত্র কাচের বাক্সে আটকে রেখেছেন। কিন্তু এক রাতে অ্যানাবেল রুমের খারাপ আত্মাদের জাগিয়ে তুলে নিজেকে মুক্ত করে। এরপর তাদের লক্ষ্য হয়, ওয়ারেনের দশ বছর বয়সি মেয়ে জুডি এবং তার বন্ধুদের ক্ষতি করা।
রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শান্ত
রাইজিংবিডি.কম