বিএনপি অকার্যকর উচ্চকক্ষ গঠন করতে চায়: মাহাবুব আলম
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দলের নির্বাচনি মিডিয়া কমিটির প্রধান মাহাবুব আলম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দলের নির্বাচনি মিডিয়া কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, “বিএনপি একটি অকার্যকর উচ্চকক্ষ গঠন করতে চায়। যেখানে জুলাই সনদে স্পষ্ট এবং গণভোটে স্পষ্টভাবে উল্লেখ আছে, দলগুলোর ভোটের সংখ্যানুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হবে, সেখানে ওনারা বলছেন নিম্নকক্ষের প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন হবে। যা এই গণভোটের বিরুদ্ধে স্পষ্টতই অবস্থান বলে মনে হচ্ছে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি রাইজিংবিডি ডটকমকে এ কথা বলেন।
মাহাবুব আলম বলেন, “বিএনপি উচ্চকক্ষের ক্ষমতা একদম সীমিত করে দিচ্ছে উচ্চকক্ষ সংবিধান সংশোধনী, অর্থবিল, আস্থাভোটে কোন ভূমিকা রাখতে পারবে না। তাহলে এই উচ্চকক্ষ কী কাজে আসবে।”
মাহাবুব আলম বলেন, “ইশতেহারে যে ফ্যামিলি কার্ডের কথা বলা আছে, এই ফ্যামিলি কার্ড টিসিবি ২০২২ সাল থেকেই বিতরণ করছে। ওনারা ২০২৬ সালে ইশতেহারে এটি অন্তুর্ভুক্ত করে জনগণের সাথে ভাঁওতাবাজি করবার চেষ্টা করছে।”
তিনি আরো বলেন, “ইশতেহারে চতুর্থ অধ্যায়ে উল্লেখ করেছে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবে, অথচ চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক রাজধানী হিসেবেই আছে। এভাবে অসংখ্য মিথ্যা ও ভাঁওতাবাজির আশ্রয় নেওয়া হয়েছে এই ইশতেহারে।”
ঢাকা/রায়হান/এসবি