ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ নেতা রমেশ চন্দ্রের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬  
আ.লীগ নেতা রমেশ চন্দ্রের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রমেশ চন্দ্র সেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রমেশ চন্দ্র সেনের মৃত্যুর পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক জানিয়ে পোস্ট করেন এই বিএনপি নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আরো পড়ুন:

নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’’ 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল ৯টা ১০ মিনিটে জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়।

গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যাসহ ৩টি মামলায় কারাগারে ছিলেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা/হিমেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়