ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘গান তৈরির সময় হিট হওয়ার কথা মাথায় থাকে না’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ২৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘গান তৈরির সময় হিট হওয়ার কথা মাথায় থাকে না’

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ সিনেমায় তার গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘বেঁচে থাকার গান’, ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বসন্ত এসে গেছে’, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, ‘এখন অনেক রাত’সহ অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।  কিছুদিন আগে জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অনুপমের সুর করা গানে আবারও শ্রোতারা বুঁদ হয়ে আছেন।

এখনো এগুলো উপভোগ করেন, নাকি মনে করেন যাক এবার উতরে গেলাম…। এমন এক প্রশ্নের জবাবে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অনুপম রায় বলেন, ‘হ্যাঁ, একটু টেনশন হয়। গান লেখা ও সুর করার পর মনে হয়— শ্রোতারা গানটা শুনবে তো, ভালো লাগবে তো সবার? কণ্ঠ’র ক্ষেত্রেও সেই ভাবনা ছিল। কিন্তু ইউটিউব এবং প্রেক্ষাগৃহে গানগুলো দেখার পর অনেকেই গুনগুন করছেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে কমেন্টে। গান দুটো শেয়ার হচ্ছে। তখন সত্যিই মনে হলো, যাক এবারো উতরে গেলাম। গানে সুর দেওয়ার পর সেই গান সবাই শুনলে, ভালোবাসলে ভালো তো লাগবেই।’

২০১০ সালের আগে আপনার এই চাপ ছিল না। কারণ, তখন আইটি সেক্টরে চাকরি করতেন। মাস শেষে একমুঠো বেতন। অনেক চিন্তাহীন জীবন ছিল। সেসব ছেড়ে এই চাপের দুনিয়ায় এলেন…। এ প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘আসলে চাপ নেওয়াটা হয়ে গেছে। ২০১০ সালে ‘অটোগ্রাফ’ সিনেমায় ব্যবহৃত ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানের সাফল্যের পরই সিদ্ধান্ত নিই— এই দুনিয়াকেই আপন করব। সারাজীবন গান নিয়েই থাকতে চেয়েছি। চাকরি করতে করতেও গান-বাজনা করতাম। কিন্তু এভাবে সব ছেড়ে নয়। আসলে, প্রথম সাফল্যের পর অতকিছু মাথায় আসেনি যে, পরে এটাই চাপ হয়ে ফিরবে। তখনো জানতাম না জনপ্রিয়তা কাকে বলে। মানুষের ভালোবাসা কাকে বলে। আর একবার যখন কেউ এই স্বাদ পেয়ে যায় তখন আস্তে আস্তে সে সেদিকেই ঝোঁকে। ফলে, চাপ বাড়ে। টেনশন বাড়ে। আস্তে আস্তে এতেই নিজেকে অভ্যস্ত করে নিয়েছি। এর মধ্যেই গান লিখি, সুর দিই। গান তৈরির সময় হিট হওয়ার কথা মাথায় থাকে না। মুক্তির পর মনে হয়, জনপ্রিয় হলে ভালোই লাগবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/শান্ত/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়