ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাদের চোখে রঙিন স্বপ্ন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাদের চোখে রঙিন স্বপ্ন

বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা, মডেল-অভিনেত্রী— যাদের চোখে রঙিন স্বপ্ন। প্রতিনিয়ত স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। স্বপ্নগুলো ভিন্ন হলেও কাজের জায়গা রুপালি জগৎ। আর লালিত স্বপ্নকে বাস্তবে রূপায়ন করতে কাজ করে যাচ্ছেন। বলছি, তরুণ নাট্যনির্মাতা জীবন শাহাদাৎ, উঠতি মডেল-অভিনেত্রী মধুলতা ও কোরিওগ্রাফার রুয়েলের কথা। আজ মঙ্গলবার রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এসেছিলেন তারা। ফিচার বিভাগের সঙ্গে এক আড্ডায় জানিয়েছেন স্বপ্নের কথা।

নাট্যনির্মাতা জীবন শাহাদাৎ চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন নিয়ে হাঁটছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে ফিল্ম নির্মাণ করার চিন্তাভাবনা আছে। এটাই স্বপ্ন, আর এই স্বপ্ন নিয়েই এগুচ্ছি। আর এই স্বপ্নপূরণ একা করা সম্ভব নয়। এজন্য টিম ওয়ার্ক করতে চাচ্ছি।’

জীবন শাহাদাৎ এরই মধ্যে বেশকিছু নাটকে অভিনয় করেছেন। কিন্তু এখন তিনি পুরোদস্তুর নির্মাতা। নিয়মিত নাটক নির্মাণ করে যাচ্ছেন। ক্যামেরার সামনে নাকি পেছনে কাজ করতে বেশি ইচ্ছুক? জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছে কার না হয়। তারপরও বেশকিছু কাজ এরই মধ্যে করেছি। ডিরেক্টরস গিল্ডের সদস্য হওয়ার আগ পর্যন্ত ক্যামেরার সামনে কাজ করেছি। এখন মেইন ফোকাস পরিচালনা। ফিল্ম করাটা আমার স্বপ্ন। দেখা যাক, সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পারি।’

রাজশাহীর মেয়ে মধুলতা। পরিবারের সবাই সরকারি চাকরি করেন। কিন্তু মধুলতার ইচ্ছে ভিন্ন। কারণ তিনি চাকরি করতে চান না বরং ব্যবসায়ী হতে চান। ডিপ্লোমা শেষ করে নেমে যান ব্যবসায়। ঢাকায় এসে ব্যবসার পাশাপাশি নাম লেখান শোবিজ অঙ্গনে। এরই মধ্যে নাটক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে মধুলতা বলেন, ‘আমার অভিনীত প্রথম সিনেমা ‘অন্তরে তুমি’। এম কে জামান মাস্টার পরিচালিত এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছি। এছাড়া ‘কেন সন্ত্রাসী’ সিনেমায়ও অভিনয় করেছি। রবিউল ইসলাম রাজ পরিচালিত এ সিনেমার শুটিং শেষ, এখন ডাবিং চলছে। এছাড়া ‘খোদার কসম’ নামে নতুন একটি সিনেমার কাজ খুব শিগগির শুরু করব।’’

ব্যবসা থেকে রুপালি জগতে পা রাখা প্রসঙ্গে মধুলতা বলেন, ‘ঢাকায় এসে যেসব বন্ধু-বান্ধবের সঙ্গে মিশেছি তারা সবাই মিডিয়ায় কাজ করেন। তাদের দেখেই মিডিয়ায় কাজ করার আগ্রহ তৈরি হয়। সিনেমার আইটেম গান দিয়ে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। একবার একটি সিনেমার শুটিংয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে ‘অন্তরে তুমি’ সিনেমার আইটেম গানে কাজের প্রস্তাব পাই। যদিও প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বিষয়টি বুঝানোর পর কাজটি করতে রাজি হই।’’

ক্যারিয়ারের শুরুতেই আইটেম গানে পারফর্ম করেছেন। এর জন্য কোনো প্রস্তুতি নিয়েছিলেন কিনা? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আসলে আমার নাচ বা অন্য কিছুর জন্য কোনো প্রস্তুতি ছিল না। তারপরও নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। প্রথম একটু অস্বস্তি বোধ করতাম কিন্তু পরে ঠিক হয়ে যায়।’

 

 

এ কথার রেশ ধরেই নাট্যনির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘আমার মনে হয় নায়ক বা নায়িকা হওয়ার পরিকল্পনা না করে অভিনেত্রী বা অভিনেতা হওয়ার পরিকল্পনা করা ভালো। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় না করেও অনেকে কিন্তু দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন।’

এ প্রসঙ্গে মধুলতা বলেন, ‘নায়িকা সবাই হবে না। নায়িকা আজ আছে তো কাল নেই। কিন্তু অভিনেত্রী সারাজীবন টিকে থাকবেন। মিডিয়াটা আমার শখের জায়গা। মিডিয়াকে ভালোবেসেই এখানে এসেছি। সব ধরনের চরিত্রে অভিনয় করেত চাই। তারপরও মূল চরিত্রে অভিনয় করতে বেশি আগ্রহী।’

ব্যবসার পাশাপাশি অভিনয়, নাকি অভিনয়ের পাশাপাশি ব্যবসা করছেন? জবাবে মধুলতা বলেন, ‘ব্যবসার পাশাপাশি অভিনয় ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, আমি অভিনয়টা পারব। তাই অভিনয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

আর. ইসলাম রুয়েল একজন কোরিওগ্রাফার। এরই মধ্যে বেশকিছু স্টিল কোরিওগ্রাফি করেছেন। এ প্রসঙ্গে রুয়েল বলেন, ‘আমি এখন স্টিল কোরিওগ্রাফির কাজ করছি। দেশের স্বনামধন্য বেশকিছু ব্র্যান্ডের কাজ করছি। তবে ভিজ্যুয়ালি টিভিসির কাজ করার ইচ্ছে আছে।’


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়