আলিয়ার গানের বিরুদ্ধে চুরির অভিযোগ
প্রাডা গানের দৃশ্যে আলিয়া
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অল্প সময়েই বেশকিছু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।
সম্প্রতি মিউজিক ভিডিওতে অভিষেক করেছেন তিনি। ‘প্রাডা’ শিরোনামের পাঞ্জাবি গানটি কম্পোজ করেছেন দ্য দূরবীন। এটির প্রযোজনা করেছে জ্যাকি ভাগনানির গানের প্রযোজনা প্রতিষ্ঠান জেজাস্ট মিউজিক। ইউটিউবে মুক্তির পর থেকে অনেকেই গানটির প্রশংসা করছেন। এমনকি রণবীর কাপুর, করন জোহর, র্যাপার বাদশাও এর প্রশংসা করেছেন।
তবে গানটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। ‘গোরে রং কা জামানা’ শিরোনামের একটি পাকিস্তানি গানের সঙ্গে এর কিছু মিল রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন।
পাকিস্তানি অভিনেত্রী মেহউইশ হায়াত এটির সমালোচনা করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘আমার কাছে এটি অদ্ভুত লাগছে। একদিকে, বলিউড পাকিস্তানি শিল্পীদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিয়ে নানা কথা বলছে। অন্যদিকে, তারা আমাদের গান চুরি চালিয়ে যাচ্ছে। কপিরাইট লঙ্ঘন ও সম্মানি প্রদান তাদের কাছে কোনো বিষয়ই নয়।’
‘প্রাডা’ গানটি গেয়েছেন দ্য দূরবীন ও শ্রেয়া শর্মা। এখন পর্যন্ত ২০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে এটি।
দেখুন: ‘প্রাডা’ গানটি
দেখুন: ‘গোরে রং কা জামানা’ গানটি
রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/মারুফ
রাইজিংবিডি.কম